মঙ্গলবার ঢাকায় আসছেন ভিওন চেয়ারম্যান উরসুলা বার্নস
মঙ্গলবার (২১শে জানুয়ারি) বাংলাদেশে আসছেন বাংলালিংক-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর চেয়ারম্যান ও সিইও উরসুলা বার্নস। দুই দিনের সফরে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ ও সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন বলে জানাগেছে।
বাংলালিংক সূত্র জানিয়েছে, প্রথমবারের মতো ঢাকায় আসছেন উরসুলা বার্নস। সফরে তিনি বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতি, টেলিকম খাতের চ্যালেঞ্জ এবং ভিওনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। দুই দিনের সফর শেষে ২৩ জানুয়ারি ঢাকা ত্যাগ করেবেন।
এদিকে বাংলালিংক এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উরসুলা বার্নস বাংলাদেশ সফরের ব্যাপারে তার দীর্ঘ দিনের ইচ্ছা ব্যক্ত করে বলেন, “আমি অত্যন্ত আগ্রহের সাথে বাংলাদেশ সফরের জন্য অপেক্ষা করছি। ভিওন দীর্ঘ সময় ধরে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন অনেকের সাথে সাক্ষাৎ করা ও দেশটির প্রযুক্তিগত অগ্রগতি কীভাবে সামগ্রিক উন্নতির চালিকাশক্তি হয়ে কাজ করছে তা প্রত্যক্ষ করা আমার জন্য দারুন এক অভিজ্ঞতা হবে।
তিনি আরো বলেন, আমি আশা করি, সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সাথে আমার ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আগামীতে আমরা বাংলাদেশকে আরও উন্নত সেবা দিয়ে সহায়তা করতে পারবো।”